বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের (ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) সাবেক মহাপরিচালক হামিদুল হকের চারটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে প্রায় ৪০ কোটি টাকার এফডিআর রয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে সোমবার (৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানা গেছে, পূবালী ব্যাংকে হামিদুল হকের নামে থাকা চারটি ফিক্সড ডিপোজিটে (এফডিআর) প্রতি অ্যাকাউন্টে ১০ কোটি টাকা করে রয়েছে। এসব অর্থ ফ্রিজ করতে দুদকের পক্ষ থেকে আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক নওশাদ আলী।
আবেদনে দুদক উল্লেখ করে, তদন্তে জানা গেছে হামিদুল হক ও তাঁর ঘনিষ্ঠরা এই টাকার অংশ বা পুরোটা উত্তোলন, স্থানান্তর কিংবা অন্য কোথাও সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে, সুষ্ঠু অনুসন্ধান অব্যাহত রাখতে আদালতের অনুমতি নিয়ে জরুরি ভিত্তিতে এসব হিসাব ফ্রিজ করা হয়েছে।
আরও
এর আগে গত ২১ এপ্রিল দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে হামিদুল হক ও তাঁর স্ত্রী নূছরাত জাহান মুক্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। সংশ্লিষ্ট সূত্র বলছে, তাঁদের সম্পদের উৎস ও আইনবহির্ভূত লেনদেন নিয়ে অনুসন্ধান চলছে।
এদিকে, এই পদক্ষেপের মাধ্যমে দুদক নিশ্চিত করতে চাইছে—কোনো সন্দেহভাজন ব্যক্তি যেন সম্পদ গোপন বা স্থানান্তরের মাধ্যমে তদন্তকে বাধাগ্রস্ত করতে না পারে। সম্পদের প্রকৃত উৎস যাচাই ও জবাবদিহি নিশ্চিত করাই এর মূল লক্ষ্য বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।












