সর্বশেষ

জাপানপ্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসি

Ec to begin voter registration process for japanese expatriatesProbashir city Popup 19 03

জাপানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ জুলাই থেকে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে ইসি সূত্র।

এই কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশনের একটি কারিগরি দল জাপানে যাচ্ছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ পুরো কার্যক্রম তদারকি করবেন এবং এ লক্ষ্যে তিনি ১৩ থেকে ১৭ জুলাই পর্যন্ত জাপান সফর করবেন বলে জানা গেছে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মো. আব্দুল মমিন সরকার স্বাক্ষরিত এক চিঠিতে টোকিও দূতাবাসকে ১ জন কর্মকর্তা ও ৪ জন ডাটা এন্ট্রি অপারেটরের তালিকা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে দূতাবাস প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে বলে নিশ্চিত করেছেন তিনি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশে—যেমন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায়—প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদান কার্যক্রম চালু রয়েছে।

এ পর্যন্ত এসব দেশ থেকে প্রায় ৪৭ হাজার ৩২ জন প্রবাসী ভোটার হতে আবেদন করেছেন। এর মধ্যে ২৯ হাজার ৫৬৩ জনের বায়োমেট্রিক তথ্য গ্রহণ করা হয়েছে এবং ২০ হাজার ৪৫১ জনকে ভোটার হিসেবে চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে যাচাই-বাছাই শেষে ৩ হাজার ৬৭৭টি আবেদন বাতিল করা হয়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে আরও দেশেও এ কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে, যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03