সর্বশেষ

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট

Attack and looting of expatriate's house led by volunteer group leaderProbashir city Popup 19 03

নরসিংদীর পলাশ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, পলাশ থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাউসার মিয়ার নেতৃত্বে এই হামলা চালানো হয়। রোববার (২৫ মে) দুপুরে চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় প্রবাসী পরিবারের বসতঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটে নেওয়া হয়।

ক্ষতিগ্রস্ত পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মালিতা গ্রামের প্রবাসী আরজু ভূঁইয়ার মেয়ে বিউটি বেগমের সঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা কাউসার মিয়ার জমি সংক্রান্ত লেনদেন নিয়ে পূর্ব বিরোধ ছিল। বিউটি বেগম অভিযোগ করেন, তিনি গণি মিয়ার কাছ থেকে সাড়ে তিন শতাংশ জমি কেনার জন্য ছয় লাখ টাকা বায়না দিয়েছিলেন। পরে কাউসার মিয়া জোরপূর্বক জমিটি কিনে নেন এবং বায়নার টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন।

Image 190918 1748196336

তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও কাউসার মিয়া টাকা ফেরত না দিয়ে বরং নানা টালবাহানা ও হুমকি দিতে থাকেন। এরপর রোববার দুপুরে টাকা চাইতে গেলে কাউসার মিয়া ২০-২৫ জনের একটি দল নিয়ে তাদের বাড়িতে হামলা চালান। হামলাকারীরা টিভি, ফ্রিজ, আলমারি ভাঙচুর করে এবং ঘর থেকে নগদ ১০ লাখ টাকা ও প্রায় ১৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয় বলে দাবি করেন বিউটি বেগম।

এ বিষয়ে যোগাযোগ করলে অভিযুক্ত কাউসার মিয়া সংবাদমাধ্যমকে বলেন, “নিউজ খালি করতে থাকুন, তাতে কোনো আসে যায় না আমার।” তার এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত কাউসার মিয়াসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03