ঝালকাঠির রাজাপুর উপজেলার বদনীকাঠি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী দুই ভাইয়ের বসতঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ মে) গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী সাইদুল ইসলাম খান জানান, তিনি ও তার ভাই সোহেল খান বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা বসতঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনে ঘরের আসবাবপত্র, ইলেকট্রনিকস সামগ্রী, কাপড়চোপড়সহ প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারটির দাবি, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সাইদুল ইসলাম আরও বলেন, ঘটনার সময় ঘরে কেউ ছিলেন না এবং বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন ছিল। ফলে স্বাভাবিক কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই। তিনি অভিযোগ করেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জের ধরেই প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এই আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে।
আরও


ঘটনাস্থলে পৌঁছে সাইদুলের এক আত্মীয় হারুন খান বলেন, “রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি ঘরের কিছুই অবশিষ্ট নেই—সব কিছু পুড়ে গেছে।” স্থানীয় বাসিন্দারাও ঘটনাটিকে উদ্দেশ্যমূলক আক্রমণ বলে মনে করছেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
এদিকে প্রবাসী পরিবারটি দ্রুত ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি।











