পাবনা সদর উপজেলার চরতারাপুরে স্ত্রীকে মারধর করতে নিষেধ করায় আব্দুল ওহাব মন্ডল (৫০) নামের এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই ছোট ভাই আরব মন্ডলের বিরুদ্ধে। এই মর্মান্তিক ঘটনায় অভিযুক্ত আরব মন্ডলকে আটক করেছে পুলিশ।
নিহত আব্দুল ওহাব শুকচর গ্রামের মৃত আব্দুল জব্বার মন্ডলের ছেলে এবং অভিযুক্ত আরব মন্ডল তার আপন ছোট ভাই। আরব মন্ডল সম্প্রতি ১৫ দিন আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছিলেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আব্দুল ওহাবের মৃত্যু হয়। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ইউনিয়নের শুকচর গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে ছোট ভাই আরব আলী তার স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু করে এবং তাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এ সময় বড় ভাই আব্দুল ওহাব তার ভাইকে স্ত্রীকে মারধর করতে নিষেধ করেন এবং বলেন, স্ত্রীকে মারধর না করে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া উচিত যাতে তারা এসে তাকে নিয়ে যায়। তিনি আরও বলেন, মারধরের ফলে মেয়েটি মারা গেলে বড় ধরনের আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। বারবার নিষেধ করায় ক্ষিপ্ত আরব আলী তার বড় ভাই আব্দুল ওহাবের ওপর চড়াও হন এবং তাকেও মারধর করতে শুরু করেন। আব্দুল ওহাব দৌড়ে পালানোর চেষ্টা করলে আরব আলী পেছন থেকে তার মাথায় হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করেন। গুরুতর আহত আব্দুল ওহাবকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও
নিহতের শ্যালক আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, এর আগেও আরব আলী কয়েকবার তার দুলাভাইকে হত্যার উদ্দেশ্যে মারধর করেছে। তিনি আরও অভিযোগ করেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে আরব আলী পরিকল্পিতভাবে তার দুলাভাইকে হত্যা করেছে এবং এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য তিনি ও তার স্ত্রীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে আব্দুল ওহাবকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছিল এবং বুধবার সকালে তিনি মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা অভিযুক্ত আরব মন্ডলকে আটক করে রেখেছিল, পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেয়। ওসি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে অভিযুক্ত ছোট ভাইকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।










