রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছেন।
মঙ্গলবার (৬ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন।আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনজীবী এম কে রহমান এবং রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও আরশাদুর রউফ শুনানি করেন।
এর আগে, গত সপ্তাহে চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া জামিন প্রথমে স্থগিত করলেও পরে স্থগিতাদেশ প্রত্যাহার করে জামিন স্থগিতের আবেদন পুনরায় শুনানির জন্য নতুন দিন ধার্য করেন। সেদিন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, চেম্বার বিচারপতি আসামির আইনজীবীর বক্তব্য শুনে আদেশ দেবেন।
আরও
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি সমাবেশ হয়। এর কয়েকদিন পর, ৩১ অক্টোবর, তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়। চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয় এবং পরদিন জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আদালতের নির্দেশের পর চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের মধ্যে সংঘর্ষে একজন আইনজীবী নিহত হন। এরপর থেকে চিন্ময় কারাগারে আছেন। গত ২ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন নাকচ করলে তিনি হাইকোর্টে আবেদন করেন।










