সর্বশেষ

বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Probashir city Popup 19 03

বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান ও তার পরিবারের তিন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। সোমবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন শেখ হান্নানের স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান ও মেয়ে সানজিদা আক্তার।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের উপপরিচালক তানজির হাসিব সরকার তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে একটি দল গঠন করা হয়েছে। দুদক জানতে পেরেছে যে, শেখ আব্দুল হান্নান ও তার পরিবারের সদস্যরা দেশত্যাগের চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাওয়া বন্ধ করা প্রয়োজন।

এদিকে, একই আদালত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর আহসান ও তার স্ত্রী নার্গিস খানমের বিদেশযাত্রার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে। দুদকের উপসহকারী পরিচালক আনিসুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, মঞ্জুর আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। সংস্থাটি জানতে পেরেছে যে, অভিযুক্ত ব্যক্তিরা বিদেশে পালিয়ে যেতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাওয়া বন্ধ করা প্রয়োজন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03