শরীয়তপুর পৌরসভার পালং স্কুল এলাকায় আহত যুবক নাজমুল হাসানকে উদ্ধার করতে গিয়ে সৌদি আরব প্রবাসী আজিজুল বেপারী মামলার আসামি হয়েছেন বলে অভিযোগ করেছেন। বুধবার (৩০ এপ্রিল) সকালে এক সংবাদ সম্মেলনে আজিজুল এই দাবি করেন।
আজিজুল বেপারীর ভাষ্য অনুযায়ী, গত ২৬ এপ্রিল দুপুরে পালং স্কুল এলাকার বাসিন্দা কাশেম ভেন্ডারের ছেলে নাজমুল হাসান আহত অবস্থায় তার বাড়ির সামনে পড়ে ছিলেন। খবর পেয়ে তিনি নাজমুলকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় কাশেম ভেন্ডারের লোকজন তার ওপর হামলা চালায় বলেও তিনি অভিযোগ করেন। পরবর্তীতে, গত ২৮ এপ্রিল নাজমুলের বাবা কাশেম ভেন্ডার ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আজিজুল বেপারী সংবাদ সম্মেলনে বলেন, তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরেছেন। আহত নাজমুলকে হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে তাকে এখন মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
আরও
মামলার বাদী কাশেম ভেন্ডারের বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, এই ঘটনায় একটি মামলা রুজু হয়েছে এবং তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।











