ফরিদপুরের বোয়ালমারীতে এক সৌদি প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে প্রায় ১২ লাখ টাকা মূল্যের নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন রানী বেগম নামের ওই নারী। এই ঘটনায় ভুক্তভোগীর ভাই নজরুল মোল্যা বাদী হয়ে রানী বেগমসহ দুইজনের বিরুদ্ধে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান গতকাল রবিবার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের রায়বর গ্রামের আমিনুর মোল্যার সঙ্গে ২২ বছর আগে রানী বেগমের বিয়ে হয় এবং তাদের একটি ১২ বছর বয়সী ছেলে সন্তান রয়েছে। জীবিকার জন্য আমিনুর প্রায় ১৩ বছর ধরে সৌদি আরবে কর্মরত।
আরও
অভিযোগ অনুযায়ী, গত ১০ এপ্রিল প্রবাসী আমিনুরের কষ্টার্জিত সাত লাখ টাকা এবং আনুমানিক সাড়ে পাঁচ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে রানী বেগম বাড়ি থেকে নিখোঁজ হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি। এদিকে, নিখোঁজ হওয়ার কিছুদিন পর রানী বেগম তার প্রবাসী স্বামীকে একতরফাভাবে তালাক দিয়েছেন। তালাকনামায় সাক্ষী হিসেবে বোয়ালমারী উপজেলা সদরের ছোলনা গ্রামের মাহবুব এবং শিবপুর গ্রামের রাফি শেখের নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী আমিনুর মোল্যা আক্ষেপ করে বলেন, তাদের ২২ বছরের সুখের সংসার ছিল। তিনি তার ১২ বছরের ছেলেকে ফেলে তার কষ্টার্জিত অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন। পরিবারের সদস্যরা অনেক খুঁজেও তার সন্ধান পাননি। তিনি প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, যেন তাকে খুঁজে বের করে তার অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারের ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান জানান, আদালতের মাধ্যমে মামলার নথি থানায় এসে পৌঁছেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।













