চলতি এপ্রিল মাসের প্রথম ২১ দিনে বাংলাদেশে ১৯৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ২৩ হাজার ৯৮৫ কোটি টাকা। এই হিসাবে, প্রতিদিন গড়ে ৯ কোটি ৩৬ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
মঙ্গলবার (২২ এপ্রিল), বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের এপ্রিলের প্রথম ২১ দিনে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ৪০ দশমিক ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর একই সময়ে ১৩৯ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের ২১ এপ্রিল পর্যন্ত মোট ২ হাজার ৩৭৫ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যেখানে গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১ হাজার ৮৪৭ কোটি ১০ লাখ ডলার। শুধু ২১ এপ্রিল প্রবাসীরা ৮ কোটি ৫০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন বলেও ব্যাংকটি জানিয়েছে।
আরও
এদিকে, গত মার্চ মাসে দেশে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স আসে, যা বাংলাদেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড। এর আগে, সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত ডিসেম্বরে (প্রায় ২৬৪ কোটি ডলার) এবং দ্বিতীয় সর্বোচ্চ আসে গত ফেব্রুয়ারিতে (প্রায় ২৫৩ কোটি ডলার)। গত জানুয়ারিতে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার। সদ্য বিদায়ী ২০২৪ সালে মোট রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার।
আরও দেখুন













