সর্বশেষ

সরকারি সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সরকারি সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টাProbashir city Popup 19 03

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে আগামীকাল সোমবার (২১ এপ্রিল) কাতারের রাজধানী দোহার উদ্দেশে যাত্রা করবেন। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’-এ অংশগ্রহণ করবেন।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বিশেষ আমন্ত্রণে অধ্যাপক ইউনূসের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও জানান, সামিটে অংশগ্রহণের পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই সফরে প্রধান উপদেষ্টার সাথে থাকছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এছাড়াও, দেশের ইতিহাসে এই প্রথমবার চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতার যাচ্ছেন। এই চার কৃতী খেলোয়াড় হলেন ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সুফিউর রহমানও এই সফরে সঙ্গী হবেন।

‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা : স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ এই মূল প্রতিপাদ্য নিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আর্থনা সামিট’। কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও পরিবেশগত বৈশিষ্ট্যকে কাজে লাগানোর অঙ্গীকার এই সামিটে তুলে ধরা হবে। এটি এমন একটি আন্তর্জাতিক মঞ্চ যেখানে প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ে টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন এবং একটি সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণে আলোচনার সুযোগ তৈরি হবে। আগামী ২২ ও ২৩ এপ্রিল, এই দুই দিনব্যাপী সামিটে বিভিন্ন উপস্থাপনা, অংশগ্রহণমূলক প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03