সর্বশেষ

সাধারণ শিক্ষার্থী পরিচয়ে দুই সাংবাদিকের ওপর হামলা, লুটপাট

সাধারণ শিক্ষার্থী পরিচয়ে দুই সাংবাদিকের ওপর হামলা, লুটপাটCity ads Investment (1)

তুচ্ছ ঘটনার জেরে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে দুই সাংবাদিকের উপর হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ মার্চ) রাতে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের ছাত্রাবাসে দ্য ডেইলি ক্যাম্পাসের ক্যাম্পাস প্রতিনিধি আব্দুল্লাহ খান এবং প্রবাস টাইমের মাল্টিমিডিয়া জার্নালিস্ট রনি মিয়ার কক্ষে এই হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী আব্দুল্লাহ খান জানান, তিনি কবি নজরুল কলেজের দর্শন বিভাগের ছাত্র এবং “দ্য ডেইলি ক্যাম্পাস” এর ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে কাজ করেন। তিনি বলেন, “আমার রুমমেট রনি মিয়াকে অজানা নাম্বার থেকে কল দিয়ে ছাত্রাবাসে আমাদের রুমের সামনে আসতে বলা হয়। এসেই দেখি আমাদের জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হয়েছে এবং রুমে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমি কলেজ প্রশাসনের অনুমতিক্রমে সাধারণ শিক্ষার্থী হিসেবে অবস্থান করছি। আমার যদি কোনো অপরাধ থাকে তবে কলেজ প্রশাসন ব্যবস্থা নেবে। তবে যারা আমার রুমে তালা ভেঙে জিনিসপত্র বাইরে ফেলেছে এবং আমার অ্যাকশন ক্যামেরা ও রুমমেটের ত্রিশ হাজার টাকা লুট করেছে, তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”

আরেক ভুক্তভোগী প্রবাস টাইমের মাল্টিমিডিয়া জার্নালিস্ট রনি মিয়া বলেন, “যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা সাধারণ শিক্ষার্থী পরিচয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা ও লুটপাট করেছে। কিছুদিন ধরে হলের গ্রুপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট দেওয়া হচ্ছিল। এই ঘটনার নেতৃত্বে ছিল রুহুল আমিন, মুজাহিদ, আলভী এবং আরও কিছু ব্যক্তি। তারা আমাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছে এবং নানা ধরনের হুমকি দিয়েছে। যদি আমাদের কোনো ভুল থাকে, তবে সেটা কলেজ প্রশাসন দেখবে। অন্য কারোর সে এখতিয়ার নেই। হামলায় জড়িতরা আমার রুমে ঢুকে আমার ত্রিশ হাজার টাকা লুট করেছে এবং জিনিসপত্র বাহিরে ফেলে দিয়েছে।”

এ বিষয়ে কবি নজরুল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, “বিষয়টি আমাকে জানানো হয়েছে। যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে, তবে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে কেউ হলের দায়িত্ব নিতে পারে না। ছাত্রাবাসে কে থাকবে, সেটা কলেজ প্রশাসন নির্ধারণ করবে। কোনো শিক্ষার্থী আরেক শিক্ষার্থীকে বের করে দিতে পারে না। অভিযোগ থাকলে তা প্রক্রিয়াগতভাবে তদন্ত হবে।”

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03