বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই বাংলাদেশে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন। এ তথ্য জানিয়েছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
আহমেদ আযম খান জানান, বিগত ফ্যাসিবাদী শাসনের সময় মিথ্যা মামলায় দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করতে বাধ্য হন তারেক রহমান। তবে বর্তমান পরিস্থিতিতে দল আদালতের মাধ্যমে একের পর এক এসব মিথ্যা মামলা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও
তিনি বলেন, “ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। এখন সময় এসেছে তারেক রহমানের দেশে ফেরার। খুব শিগগিরই তিনি বাংলাদেশে ফিরে আসবেন।”
এসময় আগামী ১১ ডিসেম্বর ঢাকা থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যৌথ লংমার্চের ঘোষণা নিয়েও তিনি কথা বলেন। আযম খান বলেন, “এই লংমার্চের মাধ্যমে ভারতসহ আন্তর্জাতিক মহলে বার্তা পৌঁছে দিতে হবে যে বাংলাদেশ গণতান্ত্রিক শাসন চায়, ফ্যাসিবাদী শাসন নয়।”
সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম, আখাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দু, সদস্য সচিব ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক সেলিম ভূঁইয়া, এবং সদস্য সচিব আখতার হোসেনসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।











