রাশিয়ার ক্রিমিয়ায় একটি পাহাড়ের চূড়ায় ধাক্কা লেগে এএন-২৬ মডেলের একটি সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। আজ বুধবার (১ এপ্রিল) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ৬ জন ক্রু এবং ২৩ জন যাত্রী ছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) মস্কো সময় সন্ধ্যা ছয়টার দিকে ক্রিমিয়া উপদ্বীপের আকাশে নির্ধারিত যাত্রাপথে থাকা অবস্থায় উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে কৃষ্ণসাগরের কাছাকাছি একটি পাহাড়ের চূড়ায় সেটি আছড়ে পড়ে। প্রাথমিকভাবে কারিগরি ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

আরও
ষাটের দশকের শেষ দিক থেকে পরিষেবা দিয়ে আসা এএন-২৬ মডেলের এই উড়োজাহাজ মূলত মাল পরিবহনের কাজে ব্যবহৃত হয়। তবে গত এক দশকে এই নির্দিষ্ট মডেলের উড়োজাহাজ বেশ কয়েকবার মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছে।
এর আগে ২০২২ সালে ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে কারিগরি উড্ডয়নের সময় একই মডেলের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে একজনের মৃত্যু হয়। ২০২০ সালে উত্তর-পূর্ব ইউক্রেনে প্রশিক্ষণ উড্ডয়নের সময় অপর একটি এএন-২৬ উড়োজাহাজ বিধ্বস্ত হলে ২৭ আরোহীর মধ্যে ২৬ জনেরই প্রাণহানি ঘটে। একই বছর দক্ষিণ সুদানে এই মডেলের আরেকটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাঁচ রুশ নাগরিকসহ আটজন এবং ২০১৭ সালে আইভরি কোস্টে চারজন নিহত হয়েছিলেন।








