বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার মালয়েশিয়া পুনরায় উন্মুক্ত হওয়ার প্রত্যাশায় প্রবাসীদের মধ্যে বাড়ছে আগ্রহ ও আশা। আগামীকাল সোমবার (১১ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুর সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরকে কেন্দ্র করে বিশেষ করে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চলছে আলোচনা, তারা মনে করছেন এই সফর দীর্ঘদিনের ভিসা জটিলতা, অবৈধদের বৈধকরণ এবং শ্রমিক প্রেরণে নতুন সম্ভাবনা তৈরি করবে।

প্রবাসী ব্যবসায়ী মো. আনিছুর রহমান বলেন, বহুদিন ধরে বন্ধ থাকা সাধারণ শ্রমিক নিয়োগ পুনরায় শুরু হলে বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে প্রবাসী ১২ লাখ বাংলাদেশির নানা সমস্যার সমাধান হবে বলে আশা করছেন তারা। অপর প্রবাসী মকবুল হোসেন জানান, আলোচনায় শ্রমিক ভিসার সমাধান, অবৈধদের বৈধতা ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে তারা আশাবাদী।
আরও
সফরকে ঘিরে দুই দেশের কূটনৈতিক মহলও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান জানিয়েছেন, এ সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। জানা গেছে, সফরে প্রতিরক্ষা, জ্বালানি, হালাল খাদ্য, বাণিজ্যিক সহযোগিতা এবং উচ্চশিক্ষা খাতে অন্তত পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।
প্রধান উপদেষ্টা ১২ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। বৈঠকে কর্মী প্রেরণের জটিলতা, প্রতিরক্ষা, জ্বালানি, কৃষি, হালাল খাদ্য, রোহিঙ্গা সংকট, সমুদ্র অর্থনীতি এবং আসিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হতে পারে। সফরকালে ব্যবসায়িক সেমিনার, বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময়, ইউকেএম থেকে সম্মানসূচক ডক্টরেট গ্রহণ এবং সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে সাক্ষাতেরও কথা রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। একই বছরের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফর করেছিলেন, যা ছিল অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম কোনো বিদেশি সরকার প্রধানের সফর। এবার ড. ইউনূসের সফরকে প্রবাসীরা “শ্রমবাজার পুনরুজ্জীবনের সুযোগ” হিসেবে দেখছেন।











