ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে পুলিশ। মুম্বাই মহানগর অঞ্চলসহ আশপাশের এলাকায় পরিচালিত এই অভিযানে ১১২ বাংলাদেশিকে আটক করা হয়। বৃহস্পতিবার মুম্বাই পুলিশ জানায়, আটক ব্যক্তিদের দেশে ফেরত পাঠানো হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার আটক ব্যক্তিদের প্রথমে পুনেতে নিয়ে যাওয়া হয়। পরদিন ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমানে করে আসাম-বাংলাদেশ সীমান্তে পাঠানো হয় তাদের। পরে সীমান্ত এলাকায় বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৯২ জনকে মুম্বাই এবং বাকি ২০ জনকে মীরা-ভায়ান্দার ও থানে এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
মুম্বাই পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, চলতি বছর এখন পর্যন্ত ৭১৯ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। গত বছর পুরো বছরে ফেরত পাঠানো হয়েছিল মাত্র ১৫২ জনকে। অভিযানে গ্রেপ্তার হওয়া ৯২ জনের মধ্যে ৪০ জন নারী, ৩৪ জন শিশু ও ১৮ জন পুরুষ রয়েছেন।
আরও
পুলিশ সূত্রে জানা গেছে, এসব অভিবাসীকে ১২ জুন থেকে ৫ আগস্টের মধ্যে মুম্বাইয়ের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। এদের বিরুদ্ধে অভিযোগ, তারা ভারতীয় ভিসার শর্ত ভঙ্গ করেছেন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করেছেন। তবে মীরা-ভায়ান্দার ও থানেতে আটক ২০ বাংলাদেশির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
মহারাষ্ট্র পুলিশের কর্মকর্তারা জানান, এখন থেকে অবৈধ অভিবাসীদের সরাসরি আসাম-বাংলাদেশ সীমান্তে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাদের বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে তুলে দেওয়া হবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিদেশি আইন ১৯৪৬-এর আওতায় এই ফেরত পাঠানোর কাজ করা হচ্ছে।












