ভুয়া পাসপোর্ট ব্যবহার করে জার্মানি যাওয়ার চেষ্টাকালে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাতে ফ্লাইট ধরার মুহূর্তে ইমিগ্রেশন কর্মকর্তাদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার (৯ আগস্ট) অভিযুক্তকে বারাকপুর আদালতে তোলা হবে।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির ভারতীয় পাসপোর্টে নাম লেখা ছিল ‘পরেশ রায়’। তবে তল্লাশির সময় তার কাছ থেকে আরও একটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার হয়, যেখানে নাম উল্লেখ ছিল ‘শ্রমিক বড়ুয়া’। দুটি ভিন্ন নাম ও নাগরিকত্বের তথ্য প্রকাশ পাওয়ায় কর্মকর্তারা তাকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব দিতে না পারায় বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, তিনি জাল ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে জার্মানি যাওয়ার পরিকল্পনা করছিলেন। কীভাবে ও কোথা থেকে এই পাসপোর্ট সংগ্রহ করেছেন, সে বিষয়ে তদন্ত চলছে। এছাড়া, তার সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও
প্রসঙ্গত, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কলকাতা বিমানবন্দরে একাধিক বাংলাদেশি নাগরিক ভুয়া ভারতীয় পাসপোর্ট নিয়ে বিদেশে পালানোর চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছেন। কখনো গন্তব্য ব্যাংকক, কখনো ভিয়েতনাম—তদন্তে বারবার একই ধরনের চক্রের সন্ধান মিলছে। নিরাপত্তা সংস্থার ধারণা, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে নথি বদলে বিদেশে পালানোর একটি নেটওয়ার্ক সক্রিয় রয়েছে।
এ পরিস্থিতিতে বিমানবন্দর ও ইমিগ্রেশন বিভাগ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জাল নথি ব্যবহার করে যাতে কেউ ফাঁকফোকর গলে পালাতে না পারে, সেজন্য নজরদারি আরও বাড়ানো হয়েছে।











