মালয়েশিয়ার জোহর প্রদেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ব্যবস্থায় পাসপোর্ট সেবা কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার (৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ ও ১০ আগস্ট জোহর বাহরুর অগ্রণী রেমিট্যান্স হাউজে বিশেষ ব্যবস্থাপনায় ই-পাসপোর্ট আবেদন গ্রহণ এবং হাতে হাতে পাসপোর্ট প্রদানের সেবা দেওয়া হবে। এই সেবার মাধ্যমে স্থানীয় বাংলাদেশি প্রবাসীরা সহজে পাসপোর্ট সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
আরও
এর আগে গত ২৬ ও ২৭ জুলাই নির্ধারিত সেবা কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছিল। স্থগিত হওয়া ওই কার্যক্রমের পরিবর্তে ৯ ও ১০ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। যেসব প্রবাসী ২৬-২৭ জুলাই এবং ৯-১০ আগস্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, তারা স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, জোহর প্রদেশে ই-পাসপোর্ট আবেদন ও বায়ো-এনরোলমেন্ট কার্যক্রম পূর্বনির্ধারিত তারিখে স্থগিত হওয়ায় তারা আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছে এবং নতুন তারিখে সেবাটি নির্বিঘ্নে সম্পন্ন করার আশ্বাস দিয়েছে।












