শ্রীনগর বিমানবন্দরে অতিরিক্ত কেবিন ব্যাগেজ নিয়ে তৈরি হওয়া বিরোধ থেকে এক ভয়াবহ ঘটনার জন্ম হয়েছে। অভিযোগ উঠেছে, লেফটেন্যান্ট কর্নেল রিতেশ কুমার সিং নামের এক সিনিয়র সেনা কর্মকর্তা স্পাইসজেটের চার কর্মীর ওপর নির্মম হামলা চালিয়েছেন। বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মারধরের ঘটনায় একাধিক কর্মীর মেরুদণ্ডে ফাটল ও চোয়ালে গুরুতর আঘাত লেগেছে।
ঘটনাটি ঘটে ২৬ জুলাই, দিল্লিগামী একটি ফ্লাইটের চেক-ইন চলাকালে। ওই সেনা কর্মকর্তার কেবিন ব্যাগেজের ওজন ছিল ১৬ কেজি, যা অনুমোদিত সীমার দ্বিগুণেরও বেশি। গ্রাউন্ড স্টাফ অতিরিক্ত ওজনের জন্য ফি পরিশোধের অনুরোধ জানালে, তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন এবং একপর্যায়ে সহিংস আচরণ শুরু করেন।
এক প্রত্যক্ষদর্শী ভিডিও ফুটেজে দেখা যায়, অভিযুক্ত কর্মকর্তা স্টিলের সাইনবোর্ডের স্ট্যান্ড দিয়ে স্পাইসজেট কর্মীদের ওপর হামলা করছেন। তিনি নিয়ম না মেনে বোর্ডিং সম্পন্ন না করেই জোরপূর্বক অ্যারোব্রিজে প্রবেশ করেন, যা বিমান চলাচলের নিরাপত্তা বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
আরও
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিআইএসএফ সদস্যরা তাকে গেট থেকে ফিরিয়ে আনলে, তিনি আরও উগ্র হয়ে ওঠেন। একজন কর্মী অজ্ঞান হয়ে পড়লে তাকে বারবার লাথি মারেন, আরেকজন সহকর্মী এগিয়ে এলে তার চোয়ালে আঘাত করেন, যার ফলে রক্তক্ষরণ শুরু হয়। ঘটনার পর স্থানীয় থানায় এফআইআর দায়ের করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
স্পাইসজেট জানিয়েছে, অভিযুক্ত যাত্রীকে ‘নো-ফ্লাই লিস্টে’ অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হয়েছে। সেনাবাহিনী বলেছে, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তদন্ত চলছে। বাহিনী শৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে সেনা সদর দপ্তর।










