সর্বশেষ

মালয়েশিয়ায় বিমানবন্দরে ১৫ বাংলাদেশি আটক

15 bangladeshis detained at malaysian airportWeb Popup (3)

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের কুচিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরপরই ১৫ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গত ২৮ জুলাই কুয়ালালামপুর থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তারা কুচিংয়ে পৌঁছান। বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

কুচিং ইমিগ্রেশন কর্তৃপক্ষ মঙ্গলবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছে, প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের ভিসা যাচাই করতে গিয়ে তাদের প্রবেশের কোনো বৈধ রেকর্ড পাওয়া যায়নি। পরবর্তীতে আরও গভীর অনুসন্ধানে দেখা যায়, তারা তাদের পাসপোর্টে জাল ইমিগ্রেশন সিল ব্যবহার করেছেন। ধারণা করা হচ্ছে, এসব নকল স্ট্যাম্পের মাধ্যমে তারা কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন।

আটকদের সবাইকে সেমুজা ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী তদন্ত শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, এরা কেউ কেউ দালালের মাধ্যমে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেছেন, যার জন্য মাথাপিছু ৫ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত দিতে হয়েছে।

এর আগে, গত ২৫ জুলাইও কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা যাচাইয়ে ব্যর্থ হওয়ায় ৮০ জন বাংলাদেশিসহ ৯৯ জন বিদেশিকে ফিরিয়ে দেওয়া হয়। মালয়েশিয়ার জাতীয় বার্তা সংস্থা বারনামা জানায়, সেদিন বিমানবন্দরের টার্মিনাল-১-এ সাত ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে ৪০০ যাত্রীর ভিসা ও অন্যান্য কাগজপত্র যাচাই করা হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অভিযান বিশেষভাবে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ ফ্লাইটের যাত্রীদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। নিয়মিত এই নজরদারির ফলে বাংলাদেশিসহ অনেকেই গ্রেপ্তার বা ফেরত পাঠানোর মুখে পড়ছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup