মালয়েশিয়ার কুয়ালালামপুরের জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় অভিযান চালিয়ে মাত্র এক ঘণ্টার ব্যবধানে বাংলাদেশিসহ ১৭১ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (২৯ জুলাই) এই অভিযানের নেতৃত্ব দেন বিভাগের এনফোর্সমেন্ট পরিচালক বাসরি ওথমান।
তিনি জানান, অভিযানে অংশ নেন ১৬০ জন কর্মকর্তা। এ সময় ৭৫৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়, যাদের মধ্যে ২৫৪ জন স্থানীয় বাসিন্দা এবং বাকিরা অভিবাসী। একইসঙ্গে ১৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠানেও অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিদের মধ্যে ভারত ও ইন্দোনেশিয়ার নাগরিকও রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।
বাসরি ওথমান বলেন, আটক ব্যক্তিদের কেউ কেউ বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং পরিচয়পত্র না রাখার দায়ে গ্রেফতার হয়েছেন। অনেকে দোকানের ক্রেতা সেজে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। আটক সবাইকে সেলানগোর রাজ্যের বারানাংয়ের অস্থায়ী ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে।
আরও
এর আগে গত ১৫ ফেব্রুয়ারিতেও একই এলাকায় অভিযান চালানো হয়েছিল। এ ছাড়া, ২৫ জুলাই কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ না হওয়ায় ৮০ বাংলাদেশিসহ ৯৯ বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠায় মালয়েশিয়া। অভিযানে অংশ নিয়েছিল দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।
সাত ঘণ্টাব্যাপী ওই অভিযানে বিমানবন্দরের টার্মিনাল-১-এ ৪০০ জনেরও বেশি যাত্রীর পরিচয় ও ভ্রমণ কাগজ যাচাই করা হয়। বিশেষ করে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ ফ্লাইট’ লক্ষ্য করে এ তৎপরতা চালানো হয় বলে জানিয়েছে মালয়েশিয়ার জাতীয় বার্তা সংস্থা বারনামা।










