মালয়েশিয়ায় অবৈধ হুন্ডি লেনদেনে জড়িত থাকার অভিযোগে ছয়জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। সোমবার (২৮ জুলাই) একটি বিলাসবহুল আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানের সময় প্রায় ১.২১ মিলিয়ন রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তিন কোটি টাকা, জব্দ করা হয়েছে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানিয়েছেন, জনসাধারণের কাছ থেকে পাওয়া তথ্য এবং দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজনকে চক্রের মূল হোতা এবং আরেকজনকে হুন্ডির গ্রাহক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জাকারিয়া আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৫৬(১)(ডি) ও ৬(৩) অনুযায়ী তদন্ত চলছে। চক্রের মূলহোতার বৈধ কর্মসংস্থানের ভিসা থাকলেও বাকি পাঁচজনের কারও ভ্রমণের বৈধ কাগজপত্র ছিল না।
আরও
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, চক্রটি কর্তৃপক্ষের দৃষ্টি এড়াতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে লাইসেন্সবিহীন হুন্ডি কার্যক্রম পরিচালনা করছিল। অভিযানে নগদ অর্থ ছাড়াও হুন্ডির হিসাবের রেকর্ডবই ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় আরও দুজন বাংলাদেশি পুরুষ এবং একজন স্থানীয় নারীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইমিগ্রেশন বিভাগ। তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা।











