হংকং থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে অবতরণের পর অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই এআই-৩১৫ ফ্লাইটটির এপিইউতে আগুন লাগে বলে এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়, যাত্রীরা বিমান থেকে নামার সময় আগুন ধরে যায়। তবে সৌভাগ্যবশত, বিমানের সব যাত্রী এবং কেবিন ক্রু নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এবং এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার অ্যালার্ম সিস্টেম সক্রিয় হয়ে গিয়ে এপিইউ বন্ধ করে দেয়। এতে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তবে, দুই ইঞ্জিনবিশিষ্ট এয়ারবাস এ৩২১ বিমানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।
সংস্থাটি আরও জানায়, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালককে বিষয়টি অবহিত করা হয়েছে।
আরও
এমন সময়ে এ দুর্ঘটনার খবর এল, যখন এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেশজুড়ে সমালোচনা চলছে। সম্প্রতি সংসদে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলিধর মোহল জানিয়েছেন, গত ছয় মাসে এয়ার ইন্ডিয়া পাঁচটি নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় নয়টি নোটিশ পেয়েছে।
এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে এয়ার ইন্ডিয়ার অন্তত তিনটি বিমানে দুর্ঘটনা ঘটেছে। কোচি থেকে মুম্বাইগামী একটি ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পড়ে, অন্যদিকে দিল্লি থেকে কলকাতাগামী একটি ফ্লাইট উড্ডয়নের সময় শেষ মুহূর্তে বাতিল করা হয় প্রযুক্তিগত ত্রুটির কারণে। এসব ঘটনায় উদ্বেগ বাড়ছে যাত্রীদের নিরাপত্তা নিয়ে।












