মালয়েশিয়ার কেলানতান রাজ্যে অভিবাসন আইনের লঙ্ঘনের অভিযোগে ১৩ জন বাংলাদেশিসহ ১৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। সোমবার ( ২৬ মে) রাজ্যের কোটাভারুর পাসির মাস ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বয়স ২৫ থেকে ৫৪ বছরের মধ্যে।
মঙ্গলবার (২৭ মে) এক বিবৃতিতে কেলানতান রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানান, আটক ব্যক্তিদের মধ্যে ১৩ জন বাংলাদেশি ছাড়াও রয়েছেন একজন থাইল্যান্ডের পুরুষ ও একজন নারী। অভিযানে ধরা পড়া সকলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি), ১৫(১)(সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর রেগুলেশন ৩৯(বি)-এর অধীনে তদন্ত চলছে। যথাযথ প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আরও
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস, কর্মসংস্থান এবং চলাফেরা কঠোরভাবে নজরদারির আওতায় রয়েছে। যারা এসব অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সহায়তা করছে, তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এদিকে জনসাধারণকে অবৈধ অভিবাসীদের সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, “কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি অবৈধ অভিবাসীদের সুরক্ষায় অংশ নেয়, তাহলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না।”












