সর্বশেষ

ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের

Pakistan launches missile attacks on 15 indian citiesProbashir city Popup 19 03

ভারত সরকার বৃহস্পতিবার দাবি করেছে যে, পাকিস্তান তাদের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় অন্তত ১৫টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ক্ষমতাসীন বিজেপি সরকার জানিয়েছে, বৃহস্পতিবার রাতভর ও সকালের দিকে জম্মু-কাশ্মির, পাঞ্জাব এবং গুজরাটসহ দেশের বিভিন্ন স্থানে সামরিক স্থাপনা নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পাকিস্তান। তবে এসব হামলায় ভারতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার পাল্টা অভিযোগ করে বলেছে, ভারতীয় বাহিনী শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড় এবং অন্যান্য স্থানের সামরিক স্থাপনায় পাকিস্তানের হামলার চেষ্টার জবাবে লাহোরসহ কয়েকটি স্থানে পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তানের একাধিক স্থানের সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বলেও দাবি করা হয়েছে।

ভারতের সামরিক বাহিনী আরও দাবি করেছে যে, পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের জবাবে বৃহস্পতিবার সকালেই একই মাত্রার হামলা পাকিস্তানে চালানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে।

ভারতের একাধিক সরকারি সূত্র দাবি করেছে যে, রাডার ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি হারপি ড্রোনের মাধ্যমে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালানো হয়েছে। তারা আরও জানিয়েছে, ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় ১৫টি শহরে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করার জন্য ভারতীয় সামরিক বাহিনী রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ব্যবহার করেছে। ভারতের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে।

উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি স্থানে হামলা চালায়। ওই হামলায় ভারত মাত্র ২৫ মিনিটে ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর বৃহস্পতিবার রাতভর ভারত পাকিস্তানের বিভিন্ন এলাকায় আরও কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

অন্যদিকে, বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে যে, তারা এখন পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন স্থানে গুলি চালিয়ে ইসরায়েলের তৈরি ২৫টি হারোপ ড্রোন ভূপাতিত করেছে। রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদরদপ্তর থেকে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী এএফপিকে বলেছেন, গত রাতে ভারত একাধিক স্থানে ড্রোন পাঠিয়ে আরও একটি আগ্রাসনের চেষ্টা করেছে। ভারতের ছোড়া একটি ড্রোন তাদের সদরদপ্তরের কাছে ভূপাতিত করা হয়েছে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, লাহোরের কাছে সামরিক লক্ষ্যবস্তুতে ভারতীয় একটি ড্রোন আঘাত হেনেছে, যাতে অন্তত চারজন সৈন্য আহত হয়েছেন। এর আগে তিনি বলেছিলেন, অভিযান এখনও চলছে। ভারতীয় ড্রোনের আঘাতে পাকিস্তানের পাঞ্জাবের সিন্ধুতে এক বেসামরিক ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ড্রোনের বিধ্বস্ত স্থলে বহু লোক জড়ো হয়েছিল এবং লাহোরজুড়ে বিস্ফোরণের তীব্র শব্দ শোনা গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03