ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগ্রাসী নীতিই পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। কারাবন্দি অবস্থায় আইনজীবীদের সঙ্গে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। বিষয়টি প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
আদিয়ালা কারাগারে আটক ইমরান খান বলেন, “আমরা বর্তমান অগণতান্ত্রিক সরকারের বৈধতা না মেনে চললেও, গোটা পাকিস্তান এখন একজোট হয়ে মোদির যুদ্ধোন্মাদ অবস্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।” তিনি মোদির এই নীতিকে শুধু ভারত-পাকিস্তান নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্যই হুমকি বলে আখ্যায়িত করেন।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সামাজিক যোগাযোগমাধ্যম পেজে ইমরান খানের বক্তব্য হুবহু তুলে ধরা হয়েছে। সেখানে তিনি বলেন, “এটি জাতীয় সংহতির সময়। রাজনৈতিক মতভেদ যাই থাকুক, দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে এক কণ্ঠে কথা বলতে হবে।”
আরও
ইমরান খানের এই বক্তব্য এমন এক সময় এসেছে, যখন কাশ্মীর ইস্যু ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে এবং অঞ্চলজুড়ে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। কারাগার থেকে দেওয়া এই বক্তব্য দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।












