সর্বশেষ

যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসা-যাওয়ার সময় বেড়ে গেছে ৪ ঘণ্টা

Travel time from the us to india has increased by 4 hoursProbashir city Popup 19 03

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই হামলার পরিপ্রেক্ষিতে ভারত কূটনৈতিকভাবে বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করে।

এর প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। এর ফলে উত্তর আমেরিকাগামী এবং ভারতগামী ফ্লাইটগুলো সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (৩০ এপ্রিল) জানিয়েছে, পাকিস্তানের এই সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সঙ্গে ভারতের রাজধানী দিল্লির ফ্লাইটের সময় ৪ ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে না পারায় দিল্লি থেকে উত্তর আমেরিকার বিভিন্ন শহরে যাওয়ার পথে ভারতীয় বিমানগুলোকে এখন বাধ্যতামূলকভাবে জ্বালানি নেওয়ার জন্য থামতে হচ্ছে। এই কারণে অস্ট্রিয়ার ভিয়েনা এবং ডেনমার্কের কোপেনহেগেনে নতুন করে রিফুয়েলিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

শুধু দূরপাল্লার ফ্লাইটই নয়, পাকিস্তানের আকাশপথ বন্ধ করে দেওয়ার কারণে আঞ্চলিক রুটেও প্রভাব পড়েছে। উদাহরণস্বরূপ, দিল্লি থেকে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দগামী ইন্ডিগোর ফ্লাইট আগে ২ ঘণ্টা ১৮ মিনিটে পৌঁছালেও, এখন ইরান ও তুর্কমেনিস্তানের উপর দিয়ে ঘুরপথে যাওয়ায় ৫ ঘণ্টা ৩০ মিনিট সময় লাগছে।

এয়ার ইন্ডিয়া গত ২৯ এপ্রিল তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানায়, পাকিস্তানের আকাশপথে নিষেধাজ্ঞার কারণে তাদের কিছু ফ্লাইটকে বিকল্প দীর্ঘ পথ বেছে নিতে হচ্ছে। এই কারণে যাত্রীদের অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করে এবং যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করে। অন্যদিকে, ইন্ডিগো জানায় যে আকাশসীমা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় তাদের কিছু আন্তর্জাতিক ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, পেহেলগামের সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং তা সামরিক সংঘাতের দিকে মোড় নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। গোয়েন্দা সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করতে পারে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপে হুঁশিয়ারি দিয়েছেন যে, ভারত যদি কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে।

এছাড়াও, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ গত ২৮ এপ্রিল হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে, ভারত যদি সত্যিই পাকিস্তানে সামরিক অভিযান শুরু করে, সেক্ষেত্রে নিজেদের অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান ভারতের বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করতে দ্বিধা করবে না।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03