ইরানের দুর্গম পার্বত্য অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের বিধ্বস্ত এফ-১৫ যুদ্ধবিমানের এক ক্রুকে দুঃসাহসিক অভিযানের মাধ্যমে উদ্ধারের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযানের বিস্তারিত জানাতে আগামীকাল সোমবার তিনি একটি সংবাদ সম্মেলন করবেন।
আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের গহিন পার্বত্য এলাকা থেকে ওই মার্কিন সেনাকে উদ্ধার করা হয়েছে। তাঁকে ধরতে ইরানি সামরিক বাহিনীও ব্যাপক তল্লাশি চালাচ্ছিল এবং তারা মার্কিন ওই ক্রুর খুব কাছাকাছি চলেও গিয়েছিল বলে দাবি করেন তিনি। উদ্ধার হওয়া ওই সামরিক কর্মকর্তাকে ‘অত্যন্ত সম্মানিত একজন কর্নেল’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি গুরুতর আহত ছিলেন। চরম ঝুঁকিপূর্ণ ও বৈরী পরিস্থিতির মধ্যেও তাঁকে সেখান থেকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে।

আরও
মার্কিন প্রেসিডেন্টের দাবি, এ ধরনের উদ্ধার অভিযান সাধারণত খুব কমই পরিচালিত হয়। কারণ, এতে মানুষের প্রাণহানি ও বিপুল সামরিক সরঞ্জাম খোয়ানোর চরম ঝুঁকি থাকে। তিনি জানান, প্রথম অভিযানের পর দ্বিতীয় দফায় একেবারে দিনের আলোতে ওই পাইলটকে উদ্ধার করা হয়, যা সামরিক ইতিহাসে একটি বিরল ঘটনা। এই অভিযানে অংশ নেওয়া মার্কিন বাহিনীর সদস্যরা অসীম সাহস ও দক্ষতার নজির দেখিয়েছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প।
এ বিষয়ে বিস্তারিত জানাতে স্থানীয় সময় আগামীকাল সোমবার বেলা একটার দিকে হোয়াইট হাউসের ওভাল অফিসে সামরিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি একটি সংবাদ সম্মেলন করবেন। প্রসঙ্গত, সম্প্রতি ইরানের অভ্যন্তরে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর দুই ক্রুর একজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হলেও অপরজন নিখোঁজ ছিলেন। নিজের এই পোস্টের মাধ্যমে মূলত দ্বিতীয় ওই ক্রুকেও সফলভাবে উদ্ধারের বিষয়টিই নিশ্চিত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।










