যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রাস্তা পার হওয়ার সময় ময়লার ট্রাকের চাপায় নিশাত জান্নাত (১৯) নামের এক বাংলাদেশি তরুণী নিহত হয়েছেন। গত রোববার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে নিউইয়র্কের জ্যাকসন হাইটস–সংলগ্ন উডসাইড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নিশাত নিউইয়র্ক সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, রুজভেল্ট অ্যাভিনিউ ধরে পশ্চিমমুখী একটি ময়লার ট্রাক ৬২ স্ট্রিটের উত্তরমুখী লেনে ডান দিকে মোড় নেওয়ার সময় ওই তরুণীকে চাপা দেয়। খবর পেয়ে জরুরি চিকিৎসাসেবা (ইএমএস) কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও নিশাতকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।

আরও
পড়াশোনার পাশাপাশি জ্যামাইকার পারসন্স বুলেভার্ড এলাকার একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন নিশাত। তাঁর পৈতৃক নিবাস সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর ঘরগাঁও গ্রামে। নিশাতের বাবা হেলাল উদ্দিন উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। তিনি জানিয়েছেন, আজ মঙ্গলবার বাদ জোহর ওই মসজিদেই মেয়ের জানাজা শেষে নিউইয়র্কেই তাঁকে দাফন করা হবে।
দুর্ঘটনার পর ৩৮ বছর বয়সী নারী ট্রাকচালক ঘটনাস্থলেই অবস্থান করছিলেন। সামান্য আঘাত পাওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিউইয়র্ক পুলিশের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড পুরো বিষয়টি নিয়ে নিবিড় তদন্ত চালিয়ে যাচ্ছে।










