যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যে একটি ছোট বিমান দুর্ঘটনায় পাইলটসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) পূর্ব আরকানসাসে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। মঙ্গলবার পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিত করে সংবাদমাধ্যমে বিস্তারিত তথ্য জানায়।
স্থানীয় সংবাদমাধ্যম কার্ক ডটকম জানায়, সেসনা ২১০বি মডেলের বিমানটি নিউ অরলিন্স থেকে জোন্সবোরোর উদ্দেশে যাত্রা করেছিল। পথে হঠাৎ রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর বিমান কর্তৃপক্ষ রাজ্যের জরুরি সেবাদপ্তরের সহায়তা চায় এবং সন্ধান অভিযান শুরু হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মিডওয়ে এলাকার পশ্চিমে স্টেট হাইওয়ে ৭৫ ও ৩০৬-এর সংযোগস্থলের কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন। নিহতরা হলেন—৫৯ বছর বয়সী বব ক্লার্ক বোল্টন জুনিয়র (পাইলট), ৫২ বছর বয়সী স্ট্যানলি মিচেল ও ৫৬ বছর বয়সী মাইকেল মন্টগোমারি।
আরও
কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় মেমফিস এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটির গতিপথ পর্যবেক্ষণ করছিল। তবে কী কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে।












