লন্ডনের হিথ্রো এলাকায় বোরকা পরার কারণে এক বাংলাদেশি নারী হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে তার ছেলেকে মারধর করা হয়। ঘটনাটি ঘটে শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, এক ব্যক্তি ওই নারীর বোরকা পরা নিয়ে বাজে মন্তব্য করেন। এতে ছেলের প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি বেসবল ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করেন এবং মারধর করে রক্তাক্ত করেন। পরে আশপাশের কয়েকজন এগিয়ে এসে সহায়তা করলে হামলাকারী দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
আরও
হামলার শিকার ছেলের এক আত্মীয় জানান, সেদিন তিনি মাকে বাংলাদেশ থেকে হিথ্রো বিমানবন্দর থেকে আনতে গিয়েছিলেন। ফেরার পথে খাবারের জন্য গাড়ি থামালে হামলাকারী ও আরও কয়েকজন নারীকে দেখে কটূক্তি শুরু করে। ছেলে প্রতিবাদ করলে সেখানেই তাকে আক্রমণ করা হয়।
আহত যুবককে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন বলে পরিবার জানিয়েছে। তারা বর্তমানে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় বসবাস করছেন।












