যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করেছে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত দুই হাজার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শনিবার শহরের বিভিন্ন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার থেকে শুরু হওয়া বিক্ষোভে শত শত মানুষ অংশ নিচ্ছেন। ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করেছে। মার্কিন অভিবাসন ও শুল্ক দপ্তরের (আইসিই) কর্মকর্তারা ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১১৮ জনকে গ্রেপ্তার করেছে।
এই ধরপাকড়ের প্রতিবাদেই রাস্তায় নেমেছেন অভিবাসীরা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, লস অ্যাঞ্জেলসের পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি নির্দেশিকায় স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যার আওতায় সেনা মোতায়েন করা হচ্ছে।
আরও
এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম ফেডারেল সরকারের এই সিদ্ধান্তকে ‘উসকানিমূলক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ন্যাশনাল গার্ড সরিয়ে সেনা নামানো ভুল পদক্ষেপ এবং এতে উত্তেজনা আরও বাড়তে পারে।
তীব্র সমালোচনার মুখেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প। তিনি ক্যালিফোর্নিয়ার স্থানীয় প্রশাসনের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি তারা দায়িত্ব পালন করতে না পারে, তাহলে ফেডারেল সরকার হস্তক্ষেপ করতেই হবে। বিক্ষোভকারীদের তিনি ‘দাঙ্গাবাজ এবং ডাকাত’ বলেও আখ্যায়িত করেন।












