পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় প্রকাশ্যে পরস্পরকে চুম্বনের অভিযোগে ২০ বছর বয়সী দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে সমকামিতাবিরোধী কঠোর আইনের প্রয়োগ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম ডেইলি মনিটর ও এএফপির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার দেশটির পুলিশের একজন মুখপাত্র ওই দুই তরুণীকে গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
স্থানীয় পুলিশের মুখপাত্র জোসেফাইন আঙ্গুসিয়া জানান, প্রতিবেশীদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই তরুণীদের গ্রেপ্তার করা হয়। প্রতিবেশীরা পুলিশের কাছে দাবি করেন, ওই দুই তরুণী সমকামিতায় লিপ্ত ছিলেন এবং প্রকাশ্যে তাঁদের চুমু খেতে দেখা গেছে। প্রমাণ হিসেবে প্রতিবেশীরা কিছু ছবিও তুলে পুলিশের কাছে জমা দিয়েছেন। এ ছাড়া ওই দুই তরুণীর এক কক্ষের ভাড়া বাসায় আরও অনেক নারীকে যাতায়াত করতে এবং রাত কাটাতে দেখেছেন বলে অভিযোগকারীরা জানিয়েছেন। তাঁদের সন্দেহ, সেখানে ওই নারীরা সমকামিতায় লিপ্ত হতেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে হাজির করার আইনি সম্ভাবনা যাচাই ও পরবর্তী নির্দেশনার জন্য মামলাটি বর্তমানে রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে গত ১৮ ফেব্রুয়ারি থেকে গ্রেপ্তার ওই দুই তরুণী কোনো ধরনের আইনি সহায়তা ছাড়াই পুলিশি হেফাজতে আটক রয়েছেন বলে জানা গেছে।
আরও
উগান্ডার ২০২৩ সালের বিতর্কিত সমকামিতাবিরোধী আইনে পারস্পরিক সম্মতিতে সমলিঙ্গের সম্পর্কের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এমনকি গুরুতর সমকামিতার অভিযোগ প্রমাণিত হলে দেশটিতে মৃত্যুদণ্ড দেওয়ারও আইনি ব্যবস্থা রয়েছে।












