ওমানের জাতীয় পতাকা, রাষ্ট্রীয় প্রতীক বা জাতীয় সংগীতের অবমাননা করলে এখন থেকে কড়া শাস্তির মুখে পড়তে হবে। সম্প্রতি জারি করা এক রাজকীয় ডিক্রিতে বলা হয়েছে, এই অপরাধের জন্য দোষী ব্যক্তিকে তিন মাস থেকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে। মূলত জাতীয় প্রতীকগুলোর প্রতি সম্মান ও মর্যাদা বজায় রাখতেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।
রোববার প্রকাশিত ৯৯/২০২৬ নম্বর ওই ডিক্রি অনুযায়ী, কেউ যদি ইচ্ছাকৃতভাবে জাতীয় পতাকা বা রাষ্ট্রীয় প্রতীক নামিয়ে ফেলে, ছিঁড়ে ফেলে, নষ্ট করে বা কোনোভাবে তাচ্ছিল্য প্রকাশ করে, তবে তাকে এই শাস্তির আওতায় আনা হবে। একইভাবে কথাবার্তা, লেখালেখি, অঙ্গভঙ্গি বা অন্য কোনো উপায়ে জাতীয় সংগীতকে বিকৃত বা অপমান করলেও সমপরিমাণ শাস্তি পেতে হবে।
শাস্তির পাশাপাশি এই ডিক্রিতে জাতীয় সংগীত পরিবেশন এবং পতাকার বিষয়েও কিছু নতুন নিয়ম যুক্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদের অনুমোদন সাপেক্ষে এখন থেকে আরও নতুন স্থানে ও বিশেষ অনুষ্ঠানে জাতীয় সংগীত বাজানো যাবে। এছাড়া জাতীয় পতাকা ও রাষ্ট্রীয় প্রতীকের নির্দিষ্ট আকার, নকশা এবং এটি তৈরির উপকরণের বিষয়েও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে নতুন এই আইনে।








