ওমানের সাউথ আল বাতিনার আল আওয়াবি প্রদেশে একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক মা ও তাঁর শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় দগ্ধ হয়ে আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। ওমানের সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি জানিয়েছে, খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে।
ছবিতে দেখা যায়, আগুনে বাড়িটির ভেতরের অংশ পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে এবং ছাদের কাঠামো ভেঙে পড়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কালো ধোঁয়ায় ঢাকা ধ্বংসস্তূপের মধ্যে আগুন নেভানোর কাজ করছেন। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রশাসন আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সাধারণত প্রচণ্ড গরমের সময় এসি বা বৈদ্যুতিক যন্ত্রপাতির অতিরিক্ত চাপের কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। এর আগেও দেশটিতে আবাসিক ভবনে আগুন লেগে প্রবাসীসহ অনেক মানুষের প্রাণহানির নজির রয়েছে। অনেক ক্ষেত্রেই পুরোনো বা ত্রুটিপূর্ণ ওয়্যারিং এবং বৈদ্যুতিক শর্টসার্কিটই থাকে মূল কারণ। সংশ্লিষ্টরা বারবার সতর্ক করে আসছেন, বাসাবাড়িতে নিয়মিত বৈদ্যুতিক লাইন পরীক্ষা এবং প্রাথমিক অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখা হলে সার্বিক ক্ষয়ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব।










