ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কায়দায় পায়ুপথে লুকিয়ে আনা ১ কেজি ২৯০ গ্রাম ওজনের স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার হওয়া এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে আরমান উদ্দিন সিদ্দিক নামের এক যাত্রীকে তল্লাশি করে এসব স্বর্ণ জব্দ করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ ঢাকা কাস্টমস হাউসের বরাত দিয়ে জানান, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে (জি৯-৫১৮) স্বর্ণ চোরাচালান হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের প্রিভেন্টিভ টিম বিমানবন্দরে আগে থেকেই নজরদারি জোরদার করেছিল। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় এলে যাত্রী আরমান উদ্দিন সিদ্দিককে (পাসপোর্ট নম্বর A12028533) সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর পায়ুপথ থেকে সাদা কসটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির প্যাকেট উদ্ধার করা হয়, যার ভেতরে ছিল এসব স্বর্ণের পেস্ট।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া প্রতিটি ডিম্বাকৃতির প্যাকেটের ওজন প্রায় ৪৩০ গ্রাম। সব মিলিয়ে ১ হাজার ২৯০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট বিশুদ্ধতার এই পেস্টগুলো পরিশোধন করা হলে আনুমানিক এক কেজি খাঁটি স্বর্ণ পাওয়া যেতে পারে। স্বর্ণ চোরাচালানের এ ঘটনায় আটক ওই যাত্রীর বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা দায়েরের আইনি কার্যক্রম চলমান রয়েছে।








