ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্ট প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিশাল ব্যঙ্গাত্মক ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। সাড়ে আট ফুট উচ্চতার তামার তৈরি এই ভাস্কর্যটিতে ট্রাম্পকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় তুলে ধরা হয়েছে, যার পুরোটা ২৩ ক্যারেটের সোনার পাত দিয়ে মোড়ানো। ডেনমার্কের প্রখ্যাত শিল্পী ইয়েন্স গালশিওটের তৈরি এই শিল্পকর্মটির নাম দেওয়া হয়েছে ‘দ্য অরেঞ্জ প্লেগ’, যাকে অনেকেই ‘অন্যায়ের রাজা’ হিসেবেও অভিহিত করছেন। মঙ্গলবার উন্মোচিত হওয়া এই ভাস্কর্যটি পার্লামেন্টের ব্যস্ততম একটি পথে সবার ব্যাপক মনোযোগ আকর্ষণ করছে।
ভাস্কর্যটিতে দেখা যায়, ট্রাম্প অপেক্ষাকৃত ছোট ও দুর্বল এক মানুষের কাঁধের ওপর বসে আছেন এবং তাঁর ঝুলে থাকা পেট ওই ব্যক্তির মাথার চারপাশে চেপে রয়েছে। এক হাতে তিনি ধরে আছেন একটি দীর্ঘ গলফ ক্লাব এবং অন্য হাতে রয়েছে ন্যায়বিচারের দাঁড়িপাল্লা। ভাস্কর্যের বেদিতে একটি তাৎপর্যপূর্ণ বার্তা লেখা রয়েছে: ‘আমি একজন মানুষের পিঠে বসে আছি। আমার ভারে সে ডুবে যাচ্ছে। তাকে সাহায্য করতে আমি সবকিছু করব। শুধু তার পিঠ থেকে নামব না।’ শিল্পী গালশিওট জানান, এই শিল্পকর্মের মাধ্যমে ট্রাম্পের পরিবেশবিষয়ক নেতিবাচক অবস্থান এবং আন্তর্জাতিক নিয়মনীতির প্রতি তাঁর হুমকির একটি প্রতীকী চিত্র তুলে ধরা হয়েছে। ট্রাম্পকে নগ্ন হিসেবে উপস্থাপনের মাধ্যমে মূলত ডেনমার্কের বিখ্যাত লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের ‘দ্য এম্পেরর’স নিউ ক্লোদস’ গল্পের সেই অহংকারী নগ্ন সম্রাটের দিকেই ইঙ্গিত করা হয়েছে।
ইউরোপীয় পার্লামেন্টের আনুষ্ঠানিক অবস্থান না হলেও এটি নির্দিষ্ট নিয়ম মেনেই প্রশাসনিক পর্ষদের (কোয়েস্টর) অনুমোদন পেয়েছে। ডেনমার্কের সমাজতান্ত্রিক রেড-গ্রিন অ্যালায়েন্স দলের রাজনীতিক ও পার্লামেন্ট সদস্য পার ক্লাউসেন এই প্রদর্শনীর পৃষ্ঠপোষকতা করেছেন। তিনি জানান, বিশ্বে ক্ষমতা কার হাতে এবং কীভাবে তা ব্যবহৃত হচ্ছে, সেটি নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে; কারণ ট্রাম্পের কর্মকাণ্ড ইউরোপের মানুষের জন্য বড় সমস্যা। প্রদর্শনীর অংশ হিসেবে পথচারীদের মাঝে প্রতিবাদের প্রতীক হিসেবে এক হাজারের বেশি ত্রিমাত্রিক (থ্রিডি) মুদ্রিত ছোট ভাস্কর্যও বিতরণ করা হচ্ছে। রাজনৈতিক ব্যঙ্গের জন্য পরিচিত গালশিওটের এই ‘দ্য অরেঞ্জ প্লেগ’ আগামী মাসে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলনেও প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।
সূত্র: সিএনএন








