ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে জনসম্মুখে প্রকাশ্যে একটি আইফোন চেয়ে বসেছেন এক যুবক। এই অপ্রত্যাশিত আবদারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে নেটিজেনদের মাঝে ব্যাপক হাস্যরস ও আলোচনার সৃষ্টি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক অনুষ্ঠানে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এমন সময় হঠাৎ এক যুবক তাঁর সামনে এসে সরাসরি বলে ওঠেন, “স্যার, আমি একটি আইফোন চাই।” যুবকের এমন অকপট আবদারে কিছুটা অবাক হলেও হাসিমুখে মুখ্যমন্ত্রী জানতে চান, “আইফোন? তুমি পুরোনো আইফোন চাও, নাকি নতুন?” এরপর মজার ছলে হাত তুলে যুবককে হালকা ধমক দেওয়ার ভঙ্গি করলেও শেষ পর্যন্ত তাকে হতাশ করেননি তিনি। হাসিমুখেই আশ্বাস দিয়ে বলেন, “ঠিক আছে, আমরা তোমাকে একটি আইফোন এনে দেব। তুমি পেয়ে যাবে।” এরপর তিনি উপস্থিত অন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য সামনের দিকে এগিয়ে যান।
মজার এই ঘটনার ভিডিওটি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজেই তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি রসিকতা করে লিখেছেন, “খুবই স্পষ্ট অগ্রাধিকার।” ভিডিওটি প্রকাশের পরপরই তা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। মুখ্যমন্ত্রীর কাছে এতটা স্বাভাবিক ভঙ্গিতে এমন অদ্ভুত আবদার করার কারণে ওই যুবককে নিয়ে মজায় মেতেছেন নেটিজেনরা। অনেকেই মুখ্যমন্ত্রীর এমন উদার ও বন্ধুসুলভ আচরণের প্রশংসা করেছেন; তবে অনেকেই আবার কৌতূহল প্রকাশ করে জানতে চেয়েছেন—প্রতিশ্রুতি অনুযায়ী ওই যুবক শেষ পর্যন্ত সত্যিই আইফোনটি হাতে পেয়েছেন কি না!











