সর্বশেষ

‘আমি হয়তো বাঁচব না’, সৌদি থেকে ভিডিও বার্তায় বাঁচার আকুতি

FgfgfbWeb Popup (3)

অভাবের তাড়নায় দালালের প্রলোভনে পড়ে সৌদি আরবে গিয়ে চরম অমানবিক নির্যাতনের শিকার হচ্ছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক গৃহবধূ। রেহেনা খাতুন নামের ওই নারী বর্তমানে জেদ্দার আলহাদা এলাকায় একটি বাসায় গৃহকর্মী হিসেবে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন। সেখানে অতিরিক্ত কাজের চাপ, শারীরিক ও মানসিক নির্যাতন এবং মাসের পর মাস বেতন-ভাতা না পাওয়ার অভিযোগ জানিয়ে সম্প্রতি দেশে একটি গোপন ভিডিও বার্তা পাঠিয়েছেন তিনি। জীবন-মরণের সন্ধিক্ষণে থাকা অসুস্থ এই গৃহবধূ তাঁকে দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, রেহেনা খাতুন মাধবপুরের ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের কোনাবাড়ী মহল্লার বাসিন্দা। পরিবারের অভিযোগ, বিদেশে যাওয়ার পর থেকেই তাঁর ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে এবং পরিবারের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তাঁকে দেশে ফিরিয়ে আনার কথা বললে দালাল ও সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি উল্টো তিন থেকে চার লাখ টাকা দাবি করছে। রেহেনাকে বিদেশে পাঠানোর সঙ্গে যুক্ত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের দালাল গিয়াস উদ্দিন এবং ঢাকার ফকিরাপুলের রিক্রুটিং এজেন্সি ‘জেনিয়া ওভারসিস’-এর কর্মকর্তা হাসান মিয়া নির্যাতনের অভিযোগ অস্বীকার করে দেশে ফিরতে হলে টাকা দেওয়ার শর্ত জুড়ে দিয়েছেন। উল্লেখ্য, একই গ্রামের অন্য এক নারী কর্মীর সঙ্গে প্রতারণার দায়ে সম্প্রতি এই জেনিয়া ওভারসিসের লাইসেন্স বাতিল করেছিল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।

নিরুপায় হয়ে স্ত্রীকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছেন রেহেনা খাতুনের স্বামী আলী আহমদ। সরকারি হস্তক্ষেপ ছাড়া তাঁর স্ত্রীকে উদ্ধার করা কোনোভাবেই সম্ভব নয় বলে জানান তিনি। এ বিষয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপসহকারী পরিচালক মালেকা বেগম জানান, ভুক্তভোগী পরিবারের আবেদনটি তারা পেয়েছেন। বিষয়টি দ্রুত সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে জানিয়ে ওই নারীর অবস্থান শনাক্ত ও তাঁকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup