রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সংসদ সদস্যদের বাসভবন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে ওই তরুণীর মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন ও পারিপার্শ্বিক আলামত সংগ্রহের জন্য ইতিমধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দলকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।
গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সম্প্রতি তাঁর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওর ওই তরুণীকে ঘিরেই মূলত বিতর্কের সূত্রপাত হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে পরে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে দাবি করেন, ভিডিওতে থাকা ওই তরুণী তাঁর বিবাহিত দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।
আরও
এই ঘটনার জেরে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগে গত ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দলটির পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার এবং নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছিল। রাজনৈতিক ও ব্যক্তিগত সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার সরকারি বাসভবন থেকে তাঁর দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যুর খবর সামনে এল।









