চাঁদপুরের শাহরাস্তিতে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত শেখ রহমত উল্লাহ শাহরাস্তি পৌরসভা এনসিপির আহ্বায়ক। শনিবার রাতে তিনি তাঁর চাচাতো ভাই ও বাহরাইনপ্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে নিয়ে উধাও হন। এ ঘটনায় রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শাহরাস্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানান, রহমত উল্লাহর সঙ্গে প্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রীর দীর্ঘদিন ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। প্রবাসী ইব্রাহিমের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসার পর তিনি তাঁর শ্যালককে তা অবহিত করেন। পারিবারিকভাবে এই সম্পর্কের কথা জানাজানি হওয়ার পরই শনিবার রাতে তাঁরা বাড়ি ছাড়েন। পালিয়ে যাওয়ার পর থেকে দুজনেরই মুঠোফোন বন্ধ রয়েছে। মরিয়ম বেগমের শ্বশুর হারুনুর রশিদের দাবি, বাড়ি থেকে বের হওয়ার সময় তাঁর পুত্রবধূ বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ সঙ্গে করে নিয়ে গেছেন।
রোববার সকালে অভিযুক্ত রহমত উল্লাহর স্ত্রী এবং প্রবাসী ইব্রাহিমের দুই সন্তানকে সঙ্গে নিয়ে পরিবারের অন্য সদস্যরা থানায় উপস্থিত হন। সেখানে মরিয়ম বেগমের শ্বশুর হারুনুর রশিদ বাদী হয়ে লিখিত অভিযোগটি দায়ের করেন। এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।










