Long Popup (2)
সর্বশেষ

পাকিস্তানের হাতে আটক হওয়া ভারতের সেই পাইলট যুদ্ধবিমান ছেড়ে চালাবেন যাত্রীবাহী বিমান

Untitled 1City

২০১৯ সালে পাকিস্তানের মাটিতে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর আটক হয়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান। সামরিক জীবনের সেই আলোচিত অধ্যায়ের ইতি টেনে এবার যুদ্ধবিমান চালানো ছেড়ে দিচ্ছেন তিনি। ভারতীয় বিমানবাহিনী থেকে আগাম অবসর নিয়ে তিনি একটি বেসরকারি এয়ারলাইনসে বাণিজ্যিক পাইলট হিসেবে যোগ দিয়েছেন।

Untitled 5

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, বিমানবাহিনীতে টানা ২২ বছর দায়িত্ব পালনের পর বীর চক্র পদকপ্রাপ্ত সাবেক গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমান গোয়াভিত্তিক আঞ্চলিক এয়ারলাইনস ফ্লাই৯১-এ যোগ দিয়েছেন। গত আগস্ট মাসেই তিনি বেসরকারি এই বিমান সংস্থায় কাজ শুরু করেন। তবে নতুন পেশার বিষয়ে অভিনন্দনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফ্লাই৯১ কর্তৃপক্ষের এক মুখপাত্রও কর্মীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার কথা উল্লেখ করে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। উল্লেখ্য, ২০২৪ সালের মার্চে ফ্লাইট পরিচালনা শুরু করা ফ্লাই৯১ বর্তমানে ছয়টি উড়োজাহাজ নিয়ে তাদের কার্যক্রম চালাচ্ছে।

Untitled 2

অভিনন্দনের এই অবসরের খবরের সঙ্গে স্বাভাবিকভাবেই ফিরে এসেছে ২০১৯ সালের সেই আলোচিত সংঘাতের স্মৃতি। ওই বছরের ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় আধাসামরিক বাহিনীর গাড়িবহরে ভয়াবহ আত্মঘাতী হামলায় অন্তত ৪২ জন জওয়ান নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানভিত্তিক সংগঠনকে দায়ী করে। এর ১২ দিনের মাথায় ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারত। পরদিন ২৭ ফেব্রুয়ারি আকাশপথে পাল্টা জবাব দেয় পাকিস্তান। এ সময় পাকিস্তানি পাইলটদের হামলায় অভিনন্দনের মিগ-২১ যুদ্ধবিমানটি ভূপাতিত হয় এবং তিনি পাকিস্তানের ভূখণ্ডে আটক হন। ভারতীয় বিমান ভূপাতিত করার এই ঘটনায় নেতৃত্ব দেওয়া উইং কমান্ডার নোমান আলী খান এবং গ্রুপ ক্যাপ্টেন ফাহিম আহমেদ খানসহ সংশ্লিষ্ট পাইলটদের পরে সামরিক পদকে ভূষিত করে পাকিস্তান। অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, নিজের বিমান ভূপাতিত হওয়ার আগে অভিনন্দন পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করেছিলেন।

Untitled 6

চিরবৈরী দুই দেশ যখন পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে, তখন এই সামরিক সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত হন অভিনন্দন বর্তমান। পাকিস্তানে টানা তিন দিন বন্দি থাকার পর ১ মার্চ রাতে তাঁকে মুক্তি দেওয়া হয়। দেশে ফেরার পর আকাশযুদ্ধে অসাধারণ বীরত্ব ও দায়িত্ববোধের পরিচয় দেওয়ার স্বীকৃতিস্বরূপ ওই বছরের শেষ দিকে তাঁকে ভারতের তৃতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন সামরিক সম্মাননা ‘বীর চক্র’ পদকে ভূষিত করা হয়। সামরিক জীবনের সেই রোমাঞ্চকর অধ্যায়ের ইতি টেনে অভিনন্দন এখন যাত্রীবাহী বিমানের ককপিটে সম্পূর্ণ নতুন এক জীবন শুরু করেছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate