ওমানের বুরাইমি ও এর আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর বুরাইমির বাওয়াদি হোটেল অ্যাপার্টমেন্টে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা এই সেবা কার্যক্রম চলবে। এর ফলে রাজধানী মাস্কাটে যাওয়ার ভোগান্তি ছাড়াই নিজ শহরেই দূতাবাসের গুরুত্বপূর্ণ সেবাগুলো পাবেন হাজারো প্রবাসী।
এই দুই দিন প্রবাসীরা ই-পাসপোর্টের নতুন আবেদন বা নবায়ন, জন্মনিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ এবং আইনি সহায়তাসহ যাবতীয় কনস্যুলার সেবা গ্রহণ করতে পারবেন। এ ছাড়া বিভিন্ন ডকুমেন্টস সত্যায়ন এবং আউটপাসের আবেদনও করা যাবে। সেবাগ্রহীতাদের সশরীরে উপস্থিত হয়ে এই সুবিধা নিতে হবে, তবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের সঙ্গে আনার কোনো বাধ্যবাধকতা নেই।
আরও
দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেবা নিতে আগ্রহীদের ‘আমার দূতাবাস মাস্কাট ডট অর্গ’ (amardutabashmuscat.org) পোর্টালের মাধ্যমে অনলাইনে সিরিয়াল বুকিং দেওয়া বাধ্যতামূলক। আজ ১ সেপ্টেম্বর সকাল দশটা থেকে শিডিউল নেওয়া যাচ্ছে, তবে যারা শুধু পাসপোর্ট সংগ্রহ করবেন তাদের ২ সেপ্টেম্বর বিকেল চারটার মধ্যে বুকিং সম্পন্ন করতে হবে।











