ওমানের বানি বুহাসান এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মো. মহিম (৩০) নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। গত ২৬ আগস্ট রাতে এই দুর্ঘটনা ঘটে বলে নিহতের স্বজনেরা নিশ্চিত করেছেন। মহিম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর পদুয়া পূর্ব খুরুশিয়া গ্রামের প্রয়াত নুরুল হকের ছেলে। জীবিকার সন্ধানে তিনি গত প্রায় সাত বছর ধরে ওমানে বসবাস করছিলেন এবং সেখানে একটি ফুলের দোকান পরিচালনা করতেন।
নিহত প্রবাসীর প্রতিবেশী তাজুল ইসলামের বরাতে জানা যায়, ঘটনার দিন রাতে মহিম স্থানীয় একটি মার্কেটে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে নিজের ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই ওই তরুণের মৃত্যু হয়। চোখের সামনে আকস্মিক এই দুর্ঘটনায় তরতাজা এক যুবকের মর্মান্তিক মৃত্যুতে ওমানে অবস্থানরত তাঁর সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মহিমরা তিন ভাই এবং তাঁরা সবাই প্রবাসী। এর মধ্যে এক ভাই সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এবং মহিমসহ অপর দুই ভাই ওমানে কর্মরত। ভাগ্যের সন্ধানে দেশান্তরী হওয়া এই যুবকের এমন অকালমৃত্যুর খবর রাঙ্গুনিয়ার গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। বর্তমানে নিহত প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।









