ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় দিল্লির বিভিন্ন এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। সোমবার (২৪ আগস্ট) ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যাত্রীরা। প্রতিকূল এই আবহাওয়া পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরেও।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখন পর্যন্ত ১৫টি ফ্লাইটকে জয়পুর, চণ্ডীগড় ও লক্ষ্ণৌ বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ভারী বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। সঙ্গম বিহারের কাছে এমবি রোডে পানি জমে যান চলাচল প্রায় থমকে গেছে। এ ছাড়া বিমানবন্দরমুখী সড়কসহ সাকেত কোর্ট এলাকার সড়কগুলোতেও অত্যন্ত ধীরগতিতে যানবাহন চলাচল করছে। কোথাও কোথাও যান চলাচল পুরোপুরি ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার দিল্লিতে ভ্যাপসা ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করলেও সোমবার ভোর থেকেই বৃষ্টি শুরু হয়। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ১৮ থেকে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ছতরপুর এলাকায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সারা দিনই রাজধানীতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাত ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতির দিকে নজর রেখে দিল্লির পার্শ্ববর্তী গুরুগ্রাম ও ফরিদাবাদেও কমলা সতর্কতা জারি করা হয়েছে।












