Long Popup (2)
সর্বশেষ

‘সে আমার সহপাঠী’—ফটোগ্রাফার বন্ধুকে সবার সামনে পরিচয় করিয়ে দিলেন শিক্ষামন্ত্রী

1787220607 322966b4ad66460c91b9City

রাষ্ট্রীয় প্রটোকল বা পদের অহংকার ভুলে এক অন্য রকম বন্ধুত্বের নিদর্শন রাখলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একটি অনুষ্ঠানে নিজের একসময়ের সহপাঠী ও প্রবীণ আলোকচিত্রী শেখ এয়ার আহমেদকে মঞ্চে ডেকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) মন্ত্রীর নিজের ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে এমন হৃদয়স্পর্শী দৃশ্য দেখতে পান নেটিজেনরা।

ভিডিওতে দেখা যায়, মন্ত্রী তাঁর বন্ধুকে হাসিমুখে মঞ্চে ডেকে নিয়ে বলছেন, ‘সে আমার সহপাঠী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগে সে পড়াশোনা করেছে।’ বন্ধুর কাজের প্রতি নিবেদনের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘ফটোগ্রাফিকে সে পেশা হিসেবে বেছে নিয়েছে, কারণ সে এই কাজটাকে ভীষণ ভালোবাসে। সে যা করছে, তা একান্তই ভালোবাসার জায়গা থেকে করছে।’ এ সময় বন্ধুর সঙ্গে খুনসুটি করে শিক্ষামন্ত্রীকে বলতে শোনা যায়, ‘আমাদের দুজনের বয়স তো আর এক নয়, তাই না? আমি তোমার চেয়ে অনেক ছোট।’

শিক্ষামন্ত্রীর পরিচয় করিয়ে দেওয়া এই প্রবীণ আলোকচিত্রী ক্যাম্পাসে সবার কাছে ‘পিয়ারু ভাই’ নামেই সমধিক পরিচিত। ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় তাঁর এই আলোকচিত্রের যাত্রা শুরু হয়। পাঁচ দশকের সুদীর্ঘ ক্যারিয়ারে লাখ লাখ মানুষের ছবি তোলার পাশাপাশি ক্যাম্পাসের অসংখ্য ঐতিহাসিক স্মৃতি ক্যামেরাবন্দী করেছেন তিনি। বয়স ৭০ পেরোলেও এখনো ভারী ক্যামেরার ব্যাগ কাঁধে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে ছুটে বেড়ান এই আলোকচিত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নিজের তোলা দুর্লভ ছবি ও তথ্য দিয়ে একটি বই প্রকাশের স্বপ্ন দেখেন তিনি।

এক সাক্ষাৎকারে পিয়ারু ভাই জানিয়েছিলেন, আগের তুলনায় ব্যবসার ধরন বদলালেও ছবি তোলায় মানুষের আগ্রহ এখনো কমেনি। প্রতিবছর কম করে হলেও অন্তত তিন লাখ ছবি তোলেন তিনি। এদিকে, রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ একটি পদে থেকেও পুরোনো বন্ধুকে এমন সম্মান জানানোর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রীর ব্যাপক প্রশংসা করছেন সাধারণ মানুষ। মাহমুদুল হাসান শাহীন নামের এক ব্যক্তি মন্তব্য করেছেন, সর্বোচ্চ জায়গায় থেকেও নিজের বাল্যবন্ধুকে এভাবে পরিচয় করিয়ে দেওয়াটা প্রকৃত মনুষ্যত্বেরই পরিচায়ক।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate