Long Popup (2)
সর্বশেষ

ফ্লাইওভারে উঠতে বেকায়দায় ‘পিংক বাস’, সহায়তা করলেন পুরুষ চালক

Image 45184City

নারীদের নিরাপদ যাতায়াতের জন্য রাজধানীতে নতুন চালু হওয়া বিশেষ দোতলা ‘পিংক বাস’ ফ্লাইওভারে তুলতে গিয়ে বিপাকে পড়েছেন এক নারী চালক। আজ বুধবার দুপুরে রাজধানীর শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে। ফ্লাইওভারের ঢাল বেয়ে ওপরে তুলতে ব্যর্থ হয়ে চালক ফাহিমা সানজান মাঝপথেই বাসটি থামিয়ে দেন। পরে যানজট ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এক পুরুষ চালক এগিয়ে এসে স্টিয়ারিং ধরেন এবং বাসটিকে নিরাপদে ফ্লাইওভারে তুলে দেন।

অপ্রত্যাশিত এই ঘটনায় বাসে থাকা নারী যাত্রীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। ব্যস্ত রাস্তায় সাময়িক কৌতূহলের সৃষ্টি হলেও ওই পুরুষ চালকের সহায়তায় পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে যায়। দোতলা বাসের মতো বড় আকারের যান উঁচু ঢালে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে অনভিজ্ঞতার কারণেই মূলত এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হওয়া নারীদের এই বিশেষ বাসসেবায় যাত্রীদের উপস্থিতিও বেশ হতাশাজনক। উদ্বোধনের পর থেকেই বাসগুলোতে হাতে গোনা কয়েকজন যাত্রী দেখা যাচ্ছে। আজ মতিঝিল থেকে মিরপুর-১০ অভিমুখী একটি বাসে দেখা যায়, ওপরের তলা পুরোপুরি ফাঁকা আর নিচতলায় রয়েছেন মাত্র দুজন নারী যাত্রী। মতিঝিল থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত যাওয়ার পর সেখানে কেবল একজন শিক্ষার্থী ওই বাসে ওঠেন। নারীদের স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের জন্য ব্যতিক্রমী এই উদ্যোগটি প্রশংসিত হলেও কাঙ্ক্ষিত যাত্রীর অভাব বেশ চোখে পড়ার মতো।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate