মধ্যপ্রাচ্যে ইরানবিরোধী সামরিক কার্যক্রমে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর পাওয়া গেছে। নজিরবিহীন এই হাতাহাতি ও ধারালো অস্ত্রের হামলায় অন্তত সাত মার্কিন নৌসেনা নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের সংবাদমাধ্যমগুলো।
ইরানি সংবাদ সংস্থা মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, দীর্ঘ সময় ধরে সাগরে অবস্থান এবং সুনির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার কারণে রণতরিতে কর্মরত সেনাসদস্যদের মধ্যে চরম মানসিক চাপ ও ক্ষোভের সৃষ্টি হয়েছিল। টানা বিরতিহীন দায়িত্ব পালনের বিষয়ে নৌসেনাদের অভিযোগ শুনতে সম্প্রতি মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধানের এক উচ্চপদস্থ প্রতিনিধি সেখানে পরিদর্শনে যান। এ সময় ক্ষুব্ধ নাবিকেরা তাঁর উদ্দেশে দুয়োধ্বনি দেওয়ার পাশাপাশি পানির বোতল ছুড়ে মারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একপর্যায়ে সেনাসদস্যদের দুটি দলের মধ্যে ভয়াবহ সংঘর্ষ বেধে যায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে মর্মান্তিক এই প্রাণহানির ঘটনা ঘটে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে ভারত মহাসাগরে অবস্থানরত এই মার্কিন রণতরিটি টানা ২৬৩ দিন ধরে সমুদ্রে মোতায়েন রয়েছে। এর মধ্যে ২০৮ দিনই এই নৌসেনারা নিরবচ্ছিন্নভাবে মাঝসমুদ্রে কাটিয়েছেন। এমন দীর্ঘমেয়াদি ও একটানা মোতায়েনের কারণেই তাঁদের মধ্যে এই গভীর অসন্তোষ তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভয়াবহ এই প্রাণঘাতী ঘটনার পর বর্তমানে রণতরির ভেতরে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।











