আগামী ১০ বছরের মধ্যে সরকার গঠনের সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, শুধু রাষ্ট্রক্ষমতায় যাওয়াই তাঁদের উদ্দেশ্য নয়; বরং এই সময়ের মধ্যে এনসিপিকে দেশের একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলা এবং জুলাই গণঅভ্যুত্থানের দাবিগুলো বাস্তবায়ন করাই তাঁদের মূল লক্ষ্য।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সাত মাস পর আত্মপ্রকাশ করে দলটি। নতুন এই দলের গঠন নিয়ে নানা মহলে বিভিন্ন প্রশ্ন উঠলেও বিভক্তির বদলে ঐক্যের ডাক দিয়ে মাত্র এক বছরের মধ্যেই জাতীয় সংসদে নিজেদের জায়গা করে নিয়েছেন দলটির ছয়জন নেতা। দলের আহ্বায়কের মতে, নতুন এই রাজনৈতিক শক্তির উত্থানের ফলেই পুরোনো রাজনৈতিক দলগুলো এখন বেশ চাপে পড়েছে।
ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্যের কথা তুলে ধরে নাহিদ ইসলাম আরও জানান, আগামী ১০ বছরকে একটি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যেই এনসিপিকে রাজনৈতিকভাবে সম্পূর্ণ প্রতিষ্ঠিত করার পাশাপাশি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও দাবিগুলোর শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করা হবে।










