মালয়েশিয়ার শ্রমবাজারে দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তার অবসান ঘটতে যাচ্ছে। আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে নতুন করে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। এ সময় মালয়েশিয়া সফররত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন।
কর্মী পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা জানান, সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে স্বল্প খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর এই কার্যক্রম শুরু হবে। পুরো প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।
মাহদী আমিন আরও বলেন, বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা এবং কর্মী পাঠানোর প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে উভয় দেশের উচ্চপর্যায়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। সরকার এই শ্রমবাজারকে পুরোপুরি সিন্ডিকেটমুক্ত ও স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর। সাধারণ কর্মীরা যাতে কম খরচে এবং নিরাপদে মালয়েশিয়ায় যেতে পারেন, সরকারের সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।









